সোমবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটি আয়োজিত শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘মানুষ থাকবে কি থাকবে না সেটা দেখার বিষয় না— এমন মনমানসিকতা নিয়ে যে দল রাজনীতি শুরু করেছিল আজকে তারা দুমড়ি খেয়ে পড়ে আছে। আবারও কোনোভাবে ক্ষমতায় গিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি বলেন, বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখেছিল তারা। এই দেশটা যখন পাকিস্তানের চেয়ে খারাপ হয়ে যাবে তখন তাদের আত্মতৃপ্তি আসবে।
তাজুল ইসলাম বলেন, এ দেশের মানুষ আশা করে তারা উন্নত জীবনের মালিক হবেন, এ দেশে ন্যায়প্রতিষ্ঠা হবে। এসবের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে তারা নেতৃত্ব দিচ্ছেন বংশের রাজনীতির। তারা ২০০১ সালে ক্ষমতায় এসে আহসানউল্লাহ মাস্টারকে হত্যা করেছে, ৬৪ জেলায় একযোগে বোমা মেরেছে, ময়মনসিংহে সিনেমা হলে বোমা মেরে একসঙ্গে ২২ জনকে হত্যা করেছে। এগুলো হচ্ছে তাদের ক্ষমতায় থাকার নমুনা।
দেশের জনগণের উদ্দেশে তিনি বলেন, সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দুর্নীতি উচ্ছেদ করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী প্রমুখ।