করোনাভাইরাসের টিকার জন্য অনলাইনে নিবন্ধন করতে না পারলে টিকাদান কেন্দ্রেও সেই ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘করোনাভাইরাসের টিকার জন্য সবাই আমাদের অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। অ্যাপে না পারলে সাহায্য নিন। ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে সাহায্য নিতে পারেন। টিকাদান কেন্দ্রে এলেও আপনি ফরম ফিলাপ করে দিলে তারাই নিবন্ধন করে দেবে। কাজেই সব ব্যবস্থা আছে। আপনি টিকা নিন, সুস্থ থাকুন, দেশকে সুস্থ রাখুন।’
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। জাহিদ মালেক জানান, এরইমধ্যে সব জেলায় টিকা পৌঁছে গেছে। উপজেলা পর্যায়ে যাবে খুব তাড়াতাড়ি। ৭ তারিখে সারা দেশে টিকাদান কার্যক্রম শুরু করবে স্বাস্থ্য বিভাগ।
তিনি বলেন, ‘সব টিকারই কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। অক্সফোর্ডের টিকারও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে। তবে এই টিকা অনেক নিরাপদ।’
সবাইকে টিকা নিতে আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘শুধু শহর নয়, একদম প্রত্যন্ত অঞ্চলে আমাদের মুরুব্বিরা, মা-বোনেরা আছেন। তাদের আহ্বান করবো আমাদের জেলা-উপজেলায় এসে টিকা নেওয়ার জন্য। স্থানীয় জনপ্রতিনিধিদের আহ্বান করবো, আপনারা আপনাদের এলাকার মানুষকে টিকাদান কেন্দ্রে নিয়ে যাবেন। তাদের উদ্বুদ্ধ করবেন টিকা নিতে।’
সংক্রমণের হার অনেকটাই কমে গেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই হার ধরে রাখতে হবে। এজন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এখন শনাক্তের হার ৩ শতাংশের ঘরে আছে। আমরা একটা ভালো পর্যায়ে আছি। এটা ধরে রাখতে হবে। এটা ধরে রাখতে হলে কিছু কাজও আমাদের করতে হবে। মাস্ক পরতে হবে নিয়মিত।’