জাতীয়ভাবে দেশে করোনা টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল রবিবার (৭ ফেব্রুয়ারি)। তার ঠিক একদিন আগে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য নাকচ করে দিলো স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে টিকা নেওয়া অনেকের পক্ষেই সম্ভব হবে না। তাই যারাই টিকাদান কেন্দ্রে আসবেন, তিনি নিবন্ধন করুন বা না করুন, তাকে টিকা দেওয়া হবে’। কিন্তু এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ডা. মো. নাজমুল ইসলাম বলেন, ‘নিবন্ধন না করে টিকা নেওয়ার কোনও সুযোগ নেই।’
শনিবার ( ৬ ফেব্রুয়ারি) ভ্যাকসিন বিষয়ক প্রস্তুতি সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে নাজমুল ইসলাম এ কথা বলেন। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় স্বাস্থ্য অধিদফতরের অন্যান্য শাখার পরিচালক ও লাইন ডিরেক্টররাও উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, অনেকেই আছেন যাদের পক্ষে নির্ধারিত অ্যাপসে গিয়ে নিবন্ধন করা সম্ভব হবে না, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। আমি এটাও বলে দিয়েছি, রেজিস্ট্রেশন অ্যাপসে করুক আর নাই করুক যারা টিকা নিতে কেন্দ্রে আসবে, তারা টিকা পাবেন। নেওয়ার পর আমরা রেজিস্ট্রেশন করে দেব।
তিনি বলেন, রেজিস্ট্রেশন করা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মানুষকে ভ্যাকসিনে দেওয়া। রেজিস্ট্রেশন পরেও হতে পারে। ফর্ম ফিলাপ করে সই রেখে দেওয়া হলো, পরে সেটা কম্পিউটারে তালিকাভুক্ত করা হলো, ডাটা এন্ট্রি হয়ে থাকলো। সেটার জন্যও আলাদা ব্যবস্থা করতে বলেছি।
মন্ত্রী বলেন, উপজেলা প্রশাসনসহ জেলা প্রশাসনকে এই বিষয়ে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে। ৫০-এর বেশি বয়সী মানুষের সংখ্যা বেশি, তারা হয়তো অ্যাপসের মাধ্যমে নিবন্ধন নাও করতে পারে, আসা যাওয়াতেও অসুবিধা হতে পারে। তাদেরকে সহযোগিতা করার জন্য, বিশেষ করে ইউনিয়ন চেয়ারম্যান, মেয়রসহ স্থানী জনপ্রতিনিধিদেরকে এই সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে। কেবলমাত্র অ্যাপসের উপর নির্ভর করলে তাড়াতাড়ি এগুলোতে পারবো না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাই অ্যাপসের কাজও চলবে, এই মানুষগুলোকে আনতে হবে, তাদের নিবন্ধন করাতে হবে।
তবে অন স্পটে নিবন্ধনের বিষয়ে আরেকটু ‘ক্লারিফাই’ করতে চাই মন্তব্য করে ডা. নাজমুল ইসলাম বলেন, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলোতে স্বাস্থ্য সহকারীসহ অন্যরা থাকবেন। যাদের কাছে মোবাইল সিমসহ ইন্টারনেট থাকবে। আর তা দিয়ে যাদের পক্ষে রেজিস্ট্রেশন করা সম্ভব নয়, তাদেরকে সহায়তা করা হবে। তার মানে এই নয় যে, তিনি সে মুহূর্তে রেজিস্ট্রেশন করে তখনি ভ্যাকসিন নেবেন। তাদের টিকা দেওয়ার তারিখ তাকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। আমরা কেবল রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াতে সহায়তা করবো। স্পটে গিয়ে রেজিস্ট্রেশন করার পর তাকে তখনি ভ্যাকসিন দেওয়া যাবে না।
‘টিকাদান কেন্দ্রে কেউ এলে তাকে টিকা দেওয়া হবে, টিকা দেওয়া ছাড়া তাকে ফেরত দেওয়া হবে না’-স্বাস্থ্যমন্ত্রী এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ডা. নাজমুল ইসলাম বলেন, এটা আমরা যাচাই-বাছাই করে দেখবো। তবে আমরা বলতে চাই, প্রি-রেজিস্ট্রেশন লাগবে, প্রি-রেজিস্ট্রেশন না করে যদি এভাবে টিকা দিতে যাই, তাহলে তিনি পরবর্তী ডোজ কখন পাবেন সে বিষয়ে ভুল হতে পারে।