পাপুলের আসনে নৌকা প্রতীকে লড়বেন নুরউদ্দিন

কুয়েতে মানব পাচারের অভিযোগে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুলের আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নুরুদ্দিন নয়ন। আজ (১৩ মার্চ) শনিবার দলটির মনোনয়ন বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নুরুদ্দিন নয়ন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এবং মনোনয়ন বোর্ডের সদস্য আবদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আজ দিনব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। বৈঠকে আরও অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, কর্নেল ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান প্রমুখ।

ফৌজদারি অপরাধে চার বছরের সাজাপ্রাপ্ত হয়ে কুয়েতের কারাগারে বন্দি পাপুল। শহিদ ইসলাম পাপুলকে চার বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আনা মানব ও অর্থপাচার অভিযোগের শাস্তি এখনও ঘোষণা করা হয়নি। দণ্ডপ্রাপ্ত হওয়ায় পাপুলের সংসদ সদস্যপদ বাতিল করে সংসদ সচিবালয়।

লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৮ মার্চ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ। প্রার্থিতা প্রত্যাহার ২৪ মার্চ। এ আসনের উপনির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এই উপনির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।