বঙ্গবন্ধুকে  দেওয়া গিফটের তালিকায় অজগর

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ১৪ মার্চের ঘটনা।)

স্বাধীন দেশের প্রথম সাধারণ নির্বাচনে জয় লাভের পর থেকে দিনব্যাপী গণভবনে মানুষের আসা-যাওয়া। বঙ্গবন্ধুকে ফুল, তোড়া উপহার সামগ্রী দিয়ে অভিনন্দন জানায় সবাই। ১৯৭২ সালের ১৪ মার্চ বিকালে একজন ছাত্র গণভবনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১২ হাত লম্বা একটা অজগর সাপ উপহার দেন।

কাপাসিয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র সন্তোষ কুমার দাস অজগরটি কাপাসিয়ার একটি আনারস বাগান থেকে ধরতে সক্ষম হন বলে পত্রিকায় প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী অজগরটি মিরপুর চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন এবং তাকে এক হাজার টাকা পুরস্কার দেন।

মন্ত্রিসভার সদস্য তালিকা চূড়ান্ত

শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে নতুন মন্ত্রিসভা শপথগ্রহণ করবে তার সদস্য তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে আওয়ামী লীগের ঊর্ধ্বতন মহলের সূত্রে প্রকাশ করা হয়। শপথগ্রহণ অনুষ্ঠানের কয় ঘন্টা আগে তালিকা রাষ্ট্রপতির কাছে পেশ করা হবে বলেও জানানো হয়। এদিকে বঙ্গবন্ধু আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এই দিনে বাসভবনে বৈঠকে বসেন।

১০ এপ্রিল জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নবনির্বাচিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১০ এপ্রিল থেকে শুরু হবে বলে এই দিনটাতে জানা যায়। প্রায় পক্ষকালব্যাপী এই অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে নেওয়া হবে বলেও প্রস্তুতি চলছিল। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। এই অধিবেশনে স্পিকার-ডেপুটি স্পিকার সংসদ মহিলা জন্য ১৫ টি সংরক্ষিত আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

খাদ্যশস্য সরবরাহ অব্যাহত থাকবে

রেশনে পূর্ণকোটায় খাদ্য সরবরাহ করা হবে বলে সরকার এক প্রেসনোটের মাধ্যমে জানানো হয়। সরকার পরিস্থিতি মোকাবিলার জন্য ব্যবস্থা করেছে। খাদ্য অধিদফতরের এক প্রেসনোটে বলা হয়, কোনও কোনও সংবাদপত্রে প্রকাশিত কয়েকটি খবরের প্রতি সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে যেখানে অভিযোগ করা হয়েছে যে ঢাকায় বিধিবদ্ধ এলাকায় চাল সরবরাহ অনিয়মিত এবং খোলা বাজারে চালের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পর হতে এরকম দেখা দিয়েছে। রেশন সরবরাহকৃত চাল এর মান নিকৃষ্ট বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা পুরোপুরি ঠিক নয়।

জেলা গভর্নর ৫৮ জন

জেলা পরিষদের নির্বাচিত সদস্যরাই প্রস্তাবিত জেলা গভর্নরদের নির্বাচকমণ্ডলী হিসেবে গণ্য হবেন। আরও জানা যায় যে, বাংলাদেশে আগামীতে ৫৮টি জেলা থাকবে এবং ৫৮জনই জেলা গভর্নর নির্বাচিত হবেন। প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতি এক লাখ নাগরিক একজন জেলা পরিষদ সদস্য নির্বাচিত করবেন। মে মাসের শেষের দিকে ইউনিয়ন কাউন্সিলের সম্ভাব্য নির্বাচনের পরেই জেলা পরিষদের নির্বাচন হবে।

পাকিস্তানে অস্ত্র সরবরাহের মার্কিন উদ্যোগে ঢাকা বিক্ষুব্ধ

পাকিস্তানকে আবার নতুন করে ঢালাও মার্কিন অস্ত্র সরবরাহে নিক্সন প্রশাসনের উদ্যোগের খবরে বাংলাদেশের রাজধানীর বিভিন্ন মহলে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয় এবং তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পাকিস্তানকে আবার রণ সাজে সজ্জিত করা মার্কিন উদ্যোগ সম্পর্কে মন্তব্য প্রসঙ্গে বাংলাদেশ পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেন, মার্কিন প্রশাসন যদি পাকিস্তানকে পুনরায় অস্ত্র সরবরাহ করে তাহলে তারা উপমহাদেশের পরিস্থিতিকে জটিল করে তুলবে। তিনি বলেন, পাকিস্তানকে অকারণে রণসাজে সজ্জিত করার বিরুদ্ধে এই অঞ্চলের শান্তিকামী জনগণ গভীর উদ্বেগ প্রকাশ করবেন।

কারও সঙ্গে শত্রুতা নয়

পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ বলেন, সরকার জোট-নিরপেক্ষ স্বাধীন বৈদেশিক নীতি অনুসরণ করে চলবে। তিনি জানান, সকলের সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে শত্রুতা নয়—এটাই হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল দর্শন। এই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে আব্দুস সামাদ বলেন বিগত নির্বাচনে জনগণ উপরোক্ত বিষয় ও অন্যান্য পদক্ষেপের প্রতি বঙ্গবন্ধুর নেতৃত্বে পরিচালিত সরকারকে পূর্ণ অনুরোধ জ্ঞাপন করেছে। উপমহাদেশে তিনটি দেশের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে তিনি বলেন, পাকিস্তানের অবাস্তবোচিত মনোভাবের জন্য সমস্যার সমাধান সম্ভব হচ্ছে না।