আরও কমেছে করোনাভাইরাসের টিকা গ্রহণকারীর সংখ্যা। আজ বুধবার (৩১ মার্চ) সারাদেশে ৫০ হাজার ৭৫২ জন টিকা নিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এর আগে গত ২৯ মার্চ টিকা নিয়েছেন ৫৬ হাজার ৪৩১ জন। ২৮ মার্চ নিয়েছেন ৫৮ হাজার ৪২৪ জন, ২৭ মার্চ ৬৫ হাজার ৩৬৮ জন। শুক্রবার (২৬ মার্চ) সরকারি ছুটির দিন থাকায় টিকাদান কর্মসূচি বন্ধ ছিল। তার আগের দিন বৃহস্পতিবার (২৫ মার্চ) ৭০ হাজার ৪০৭ জন এবং বুধবার (২৪ মার্চ) ৭৮ হাজার ৮১৭ জন টিকা নেন।
আজ টিকা নেওয়া ৫০ হাজার ৭৫২ জনের মধ্যে পুরুষ ২৯ হাজার ১৫৭ জন, আর নারী ২১ হাজার ৫৯৫ জন।
গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনাভাইরাসের জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫৩ লাখ ৭০ হাজার ৪৩১ জন। তাদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ৩৯ হাজার ২৯৮ জন এবং নারী ২০ লাখ ৩১ হাজার ১৩৩ জন।
এখন পর্যন্ত তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৯৩৩ জনের।
গত ৭ ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলছে।
অধিদফতর জানায়, টিকা গ্রহণকারী মোট ৫৩ লাখ ৭০ হাজার ৪৩১ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৬ লাখ ৬১ হাজার ৫৫৭ জন, ময়মনসিংহ বিভাগের দুই লাখ ৬০ হাজার ৭৮৪ জন, চট্টগ্রাম বিভাগের ১০ লাখ ৮১ হাজার ১০৪ জন, রাজশাহী বিভাগের ছয় লাখ ১১ হাজার ৯২১ জন, রংপুর বিভাগের পাঁচ লাখ ৪৭ হাজার ৮৪৮ জন, খুলনা বিভাগের ছয় লাখ ৯৪ হাজার ২০ জন, বরিশাল বিভাগের দুই লাখ ৩৫ হাজার ৫১৮ জন, আর সিলেট বিভাগের দুই লাখ ৭৭ হাজার ৬৭৯ জন।
বুধবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৬৮ লাখ দুই হাজার ৪৪২ জন।