সরকারের সব নির্দেশনা মেনে রবিবার (২৩ মে) মধ্যরাত থেকে লঞ্চ চালানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা। সংস্থাটির সচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সরকার লঞ্চ, ট্রেন ও বাসসহ সবধরনের গণপরিবহন চালানোর সিদ্ধান্ত দিয়েছে। সে অনুযায়ী রাত থেকে চালানো যাবে। মধ্যরাতের পর যে লঞ্চের সিডিউল থেকে সেগুলো চালানোর চেষ্টা করা হবে। যদি না চালানো যায় তবে সোমবার সকাল থেকে সব রুটে লঞ্চ চলবে।
তিনি আরও বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালানো হবে। লঞ্চে ওঠার সময় হ্যান্ড স্যানিটাইজিং, মাক্স পরিধান এবং জীবাণুনাশক ছিটানো হবে।
এর আগে রবিবার (২৩ মে) মধ্যরাত থেকে চলমান বিধিনিষেধ আরও সাত দিনের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী চলমান ‘লকডাউন’ বা বিধিনিষেধ আগামী ৩০ মে মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে। তবে বিধিনিষেধের মধ্যে আগামীকাল সোমবার (২৪ মে) থেকে দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পারবে। আজ নতুন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।