বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির ১০ সদস্যের প্রত্যেকেই নিজ নিজ নির্বাচনি এলাকায় একটি করে টেক্সটাইল ইনস্টিটিউট চান। অগ্রাধিকার ভিত্তিতে টেক্সটাইল ইনস্টিটিউট বা যেকোনও ধরনের প্রকল্পের ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির আগের বৈঠকের কার্যবিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার (৫ অক্টৈাবর) বৈঠকে ওই কার্যবিবরণী অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, মঙ্গলবারের বৈঠকে আগের বৈঠকের এই সুপারিশের অগ্রগতি সম্পর্কে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবহিত করা হয়েছে। এতে বলা হয়, বস্ত্র অধিদফতরের অধীনে বর্তমানে ৮টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ১০টি টেক্সটাইল ইনস্টিটিউট এবং ৪১টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে শিক্ষা কার্যক্রম চলমান আছে। এছাড়া ১৫টি প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম চলমান আছে এবং ১০টি প্রকল্প প্রক্রিয়াধীন আছে। সংসদীয় কমিটির সদস্যদের নিজ এলাকায় টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ সংক্রান্ত কোনও প্রস্তাব পাওয়া গেলে সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।
এছাড়া স্বাধীনতার স্বপক্ষের কোনও ব্যক্তি বা কমিটির সংসদ্য তাদের নিজ এলাকায় এক একর বা তার বেশি জমি দান করলে, সেখানে দানকৃত ব্যক্তি বা তার মনোনীত ব্যক্তির নামে প্রতিষ্ঠানের নামকরণসহ ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউট করার প্রস্তাব পাওয়া গেলে সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে মন্ত্রনালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়।
এদিকে বৈঠকে বন্ধ হয়ে যাওয়া পাটকলের কর্মকর্তা-কর্মচারীদের মান ও মর্যাদা অনুযায়ী, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বিভাগে আত্তীকরণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনা স্পেশালাইজড জুট মিল ও শেখ হাসিনা নকশি পল্লী অনুমোদিত প্রকল্প দুটির কাজ তাড়াতাড়ি সময়ে শুরু করে বর্তমান সংসদের মেয়াদেই শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মির্জা আজমের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, মোয়াজ্জেম হোসেন রতন, রনজিত কুমার রায়, নজরুল ইসলাম চৌধুরী, শাহীন আক্তার, আব্দুল মমিন মণ্ডল, তামান্না নুসরাত (বুবলী) ও মোহাম্মদ হাবিব হাসান।