টিকার দুই ডোজের আওতায় ৪ কোটি মানুষ

সারাদেশে বুধবার (৮ ডিসেম্বর) ১৪ লাখ ১৯ হাজার ৭৬০ ডোজ করোনা প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৪৭ হাজার ৯৯৫ জনকে প্রথম ডোজ এবং ১০ লাখ ৭১ হাজার ৭৬৫ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

অধিদফতরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ কোটি ৫৯ লাখ ৬৭ হাজার ৭৬ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ৭ লাখ ৩০ হাজার ৯০০ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার টিকা পাওয়াদের মধ্যে ৮১ হাজার ৪১ জন শিক্ষার্থী; যাদের ৫৮ হাজার ৫৭৬ জনকে প্রথম ডোজ এবং ২২ হাজার ৪৬৫ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১০ লাখ ৬৮ হাজার ৬৫৯ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেলো। আর দ্বিতীয় ডোজ পেলো ১ লাখ ৮৭ হাজার ৫৩৭ জন।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।