তিন কোটির টার্গেটে জানুয়ারিজুড়ে গণটিকা

করোনাভাইরাস প্রতিরোধে আগামী বছরের শুরুতে আরেকটি গণটিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। জানুয়ারি মাস ধরে চলা এই কর্মসূচিতে প্রায় ৩ কোটি মানুষকে টিকা দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) কোভিড-১৯ টিকাদান বিষয়ক জাতীয় টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানিয়েছেন।

শামসুল হক বলেন, ‘আগামী ১ জানুয়ারি থেকে করোনার টিকাদান কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। আর তাতে ৩ কোটি মানুষকে টার্গেট করা হয়েছে। একদম গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে এ কর্মসূচি চলবে। সেখানে ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) কেন্দ্রগুলোতে এই টিকা দেওয়া হবে। এ কর্মসূচি চলবে পুরো জানুয়ারি মাসব্যাপী।’

এর আগে দেশে প্রথম গণটিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয় গত ৭ আগস্ট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই কর্মসূচির আওতায় ছয় দিনে দেশে প্রথম ডোজ টিকা নিয়েছিলেন ৫০ লাখ ৭১ হাজার মানুষ। এরপর গত ৭ সেপ্টেম্বর এ টিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ দেওয়ার কর্মসূচি শুরু হয়ে চলে ৯ সেপ্টেম্বর পর্যন্ত কেবল ঢাকায়। ঢাকার বাইরে চলে আরও তিন দিন ১২ সেপ্টেম্বর পর্যন্ত। তবে নিয়মিত টিকাকেন্দ্র ও গণটিকাদান কর্মসূচির তথ্য আলাদাভাবে না আসায় এই কর্মসূচিতে ঠিক কতজন টিকা পেয়েছেন তা জানাতে পারেনি কর্তৃপক্ষ।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদফতর বিশেষ গণটিকাদান কর্মসূচি ঘোষণা করে। সে দিন দেশে ৬৭ লাখ ৫৮ হাজার ৯২২ ডোজ টিকার প্রয়োগ হয়। বাংলাদেশে একদিনে করোনাভাইরাসের টিকাদানের এটাই রেকর্ড।