সাংবাদিক ছদ্মবেশে ১৭ বছর ধরে একটি হত্যা মামলার মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সাভার থেকে পলাতক আসামি আশরাফ হোসেন ওরফে কামালকে গ্রেফতার করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোনারগাঁওয়ে হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আশরাফ হোসেন কামাল। আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে সাভারের আশুলিয়ায় নিজের পরিচয় বদলে সে আত্মগোপনে চলে যায়। দীর্ঘ ১৭ বছর ধরে সে সাভারে আত্মগোপনে ছিল। বিভিন্ন তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে র্যাব ১১-এর একটি দল তাকে গ্রেফতার করে। সে দীর্ঘদিন ধরে সে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে আসছিল। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো সম্ভব হবে।