তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি যেহেতু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে, সেজন্য তারা নির্বাচনকে ভয় পায় এবং সে কারণেই নির্বাচন কমিশন নিয়ে তারা বিভিন্ন প্রশ্ন তুলছে। জনগণের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। তারা পেট্রোলবোমা নিক্ষেপ করে, ধ্বংসাত্মক রাজনীতি করে জনগণ থেকে দূরে সরে গেছে। তাই তারা আসলে নির্বাচন করতে চায় না।’
বুধবার (২ মার্চ) রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে বিএনপির বিভিন্ন মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. হাছান বলেন, ‘বিএনপি নির্বাচন করতে চায় না। কারণ, তাদের নেত্রী খালেদা জিয়ার প্রতি সম্মান রেখেই বলছি, তিনি এবং তারেক রহমান আদালতে শাস্তিপ্রাপ্ত আসামি হওয়ায় আইন অনুযায়ী নির্বাচন করতে পারবেন না। যেহেতু তারা দুজনই নির্বাচন করতে পারবেন না, সেজন্য বিএনপির আসলে নির্বাচন নিয়ে কোনও আগ্রহ নেই। তারা যে নির্বাচনকালীন সরকারের কথা বলে, এগুলো আসলে বাহানা। আপনারা জানেন, ২০১৪ সালে তারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছিল। ২০১৮ সালের নির্বাচনও বর্জন করার ঘোষণা দিয়েছিল, পরবর্তী সময়ে অংশগ্রহণ করেছিল নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্যে।’
‘ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করতেন। তাকে বিএনপির উপদেষ্টা হিসেবে সবাই জানে’ উল্লেখ করে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘ডা. জাফরুল্লাহর তালিকা থেকে সিইসি নিযুক্ত হয়েছেন, এজন্য তিনি সন্তোষ প্রকাশ করেছেন। ডা. জাফরুল্লাহ সিইসির ওপর আস্থা রাখার জন্য বিএনপিসহ সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন। এখন বিএনপি ডা. জাফরুল্লাহকেও অস্বীকার করছে। বিএনপি কখন কাকে অস্বীকার করে, একসময় কোনও কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকেও অস্বীকার করতে পারে।’
এর আগে নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স বাংলাদেশ-এনবিএ আয়োজিত ‘শুদ্ধ বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় উপস্থাপকদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ওই সেমিনারে তিনি বলেন, ‘বাঙালিদের গর্বের বাংলা ভাষায় বিশ্বের ৩৪ কোটি মানুষ কথা বলে এবং জনসংখ্যার দিক দিয়ে আমাদের ভাষার অবস্থান সপ্তম। ইউরোপের বাইরে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান বাংলা ভাষার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।’
এনবিএ সভাপতি মুমতাহিনা হাসনাত রীতুর সভাপতিত্বে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ, সৈয়দ ইশতিয়াক রেজা ও মানষ ঘোষ সেমিনারে বক্তব্য রাখেন।