পদ্মা সেতু খুলে দেওয়ার বিষয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

পদ্মা সেতু কবে চালু হবে— এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘আমরা বলেছি ৩০ জুনের মধ্যে পদ্মা সেতু আমরা ওপেন করে দেবো।’তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতু চালু হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে জানিয়েছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা সেতু শেষ হওয়ার নির্ধারিত সময় ২০২২ এর ডিসেম্বর পর্যন্ত। আমরা চেষ্টা করছি যদি সম্ভব হয়, দেখা যাক। আমি প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলবো। দেখি তিনি কী বলেন।

বুধবার (৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে পদ্মা সেতু উদ্বোধনের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন।

সচিব বলেন, প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন তার একটি লজিক হলো, পদ্মা সেতুর জন্য রিসেন্টলি কিছু মালামাল আসতে সমস্যা হচ্ছে ইউক্রেন যুদ্ধের জন্য। এই মালগুলো মার্চ মাসে আসার কথা ছিল। কিন্তু এখন কিছুটা অনিশ্চয়তা চলে এসেছে। এ জন্য আমার মনে হয় ডিসেম্বরের কথা বলা হয়েছে। আমাদের টাইম আছে ২০২২ এর ডিসেম্বর পর্যন্ত।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, কিছু কিছু মালামাল আছে যেগুলো পৃথিবীতে একটা বা দুটো দেশই বানায়। এখন এমনিতেও কোভিডের জন্য আসতে দেরি হচ্ছিল, এখন যুদ্ধের কারণে দেরি হচ্ছে।