কর্মজীবী মহিলা হোস্টেলের জন্য এলাকাভিত্তিক ভিন্ন নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
রবিবার (১০ এপ্রিল) সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ ও শিশু দিবাযত্ন কেন্দ্রের বিদ্যুৎ বিল পরিশোধের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে প্রত্যেক সংসদ সদস্যের অনুকূলে পাঁচটি করে সেলাই মেশিন বরাদ্দের পাশাপাশি পাঁচটি করে কম্পিউটার বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া দারিদ্র বিমোচনের জন্য বাংলাদেশের গ্রামীণ এলাকার দরিদ্র পরিবারের গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন মাসিক ভাতা আটশ টাকার পরিবর্তে এক হাজার টাকা করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য শবনম জাহান, লুৎফুন নেসা খান এবং সাহাদারা মান্নান বৈঠকে অংশগ্রহণ করেন।