সড়ক দুর্ঘটনায় নিহতদের রিপ্লেসমেন্ট নেই: প্রযুক্তিমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে পরমাণু শক্তি কমিশনের তিন কর্মকর্তা ও গাড়িচালকের নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। তিনি আক্ষেপ করে বলেন, আমাদের দেশে একজন বিজ্ঞানী তৈরি করতে অনেক অর্থ খরচ হয়। অনেক মানুষের ট্যাক্সের ও কষ্টের টাকায় একজন বিজ্ঞানী হন। দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে একজন সিনিয়র সায়েন্টিস্ট ছিলেন। অন্য দু'জন মিডল পয়েন্টের। আমাদের কাছে তাদের কোনও রিপ্লেসমেন্ট নেই।

রবিবার (৫ জুন) দুপুরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে এসে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনায় বলি হয় সাধারণ মানুষ। শুধু তাই নয়, যারা দেশকে কিছু দিতে পারেন, সেই মানুষগুলোও দুনিয়া থেকে চলে যাচ্ছেন। এটি খুবই দুঃখজনক।
 
মন্ত্রী হাসপাতালে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন নিহত ও আহতদের স্বজনরা। তিনি নিহতদের পরিবারের কাছে সমবেদনা প্রকাশ করেন। এছাড়া প্রতিটি বেডে গিয়ে তিনি রোগীদের খোঁজ নেন।

এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বলিয়াপুর এলাকায় দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান, পূজা সরকার, কাউসার রাব্বি ও কমিশনের বাসচালক রাজিব হোসেন নিহত হন।