‘বিশ্ব পরিস্থিতি অনুধাবন করে জনগণ সরকারকে সহযোগিতা করবে’

বিশ্বব্যাপী বর্তমান জ্বালানি সংকটের বিষয়টি দেশবাসী অবহিত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে জ্বালানি মার্কেট চরম অস্থিতিশীল হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে দেশের অর্থনীতি যাতে বড় ধরনের কোনও ক্ষতির সম্মুখীন না হয়, সে লক্ষ্যে সরকারকে আগেভাগেই কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে হচ্ছে। বিশ্ব পরিস্থিতি ও বাস্তবতা বিএনপি অনুধাবন করতে না পারলেও জনগণ ঠিকই বিষয়টি অনুধাবন করে সরকারকে সহযোগিতা করবে।’

বুধবার (২০ জুলাই) সকালে রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু হয়ে যাওয়ায় বিএনপি নেতাদের যে অন্তর্জ্বালা বেড়েছে তা এখনও কমেনি; বরং দিন দিন বাড়ছে। সামনেই আসছে তরুণ প্রজন্মের মেট্রোরেল, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলসহ অনেক মেগা প্রকল্প। তাই বিএনপির নেতারা চোখে শুধু সর্ষে ফুলই দেখতে পাচ্ছেন।’

সামনে যখন এসব প্রকল্প উদ্বোধন হবে তখন বিএনপি নেতারা চোখে সর্ষে ফুল ছাড়া আর কিছুই দেখতে পাবেন না বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিদ্যুৎ নিয়ে সাময়িক যে সংকট সেটা নাকি সীমাহীন দুর্নীতির কারণে হয়েছে এবং এ সংকট নাকি সরকারকে পতনের দিকে নিয়ে যাবে—বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী আবারও বলেন, ‌‘সরকার পতনের যে দিবাস্বপ্ন বিএনপি দেখছে সেটা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে।’

তিনি বলেন, ‘দুর্নীতিতে সিদ্ধহস্ত বিএনপি নেতারা সবকিছুতেই দুর্নীতির গন্ধ খুঁজে বেড়ান। সবকিছু নিয়ে মিথ্যাচার করা বিএনপির এখন দৈনন্দিন রুটিন হয়ে গিয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘দেশবাসী জানেন বিশ্বব্যাপী এখন জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এই সংকটকে আরও প্রকট করেছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতারা বিশ্বব্যাপী এই সংকটের কোনও সমাধানের কথা না বলে; বরং দুর্নীতির কাল্পনিক অভিযোগ তুলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে এবং দুরভিসন্ধিমূলক শান্ত জনগণকে উসকে দেওয়ার ষড়যন্ত্র করছে। কিন্তু বিএনপির এসব মিথ্যাচার আর ষড়যন্ত্র জাতির কাছে এখন স্পষ্ট।’

বিএনপির কথা মানুষ এখন আর বিশ্বাস করে না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘করোনা সংকট মোকাবিলায় যেখানে বিশ্বের অনেক উন্নত দেশ হিমশিম খেয়েছে সেখানে শেখ হাসিনা সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে এই সংকট মোকাবিলা করে দেশের অর্থনীতিকে সচল রেখেছে।’

তিনি বলেন, ‘দেশবাসী ভালো করেই জানেন, যেকোনও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অন্য যেকোনও দলের থেকে অনেক অনেক এগিয়ে। কাজেই মিথ্যাচার আর অপপ্রচার করে জনগণকে উসকে দেওয়ার যে ষড়যন্ত্র বিএনপি করছে, সে ফাঁদে দেশবাসী পা দেবে না।’

বিশ্ব পরিস্থিতি ও বাস্তবতা বিএনপি অনুধাবন করতে না পারলেও জনগণ ঠিকই বিষয়টি অনুধাবন করে সরকারকে সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের।

তিনি আশা করে আরও বলেন, ‌‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে অল্প সময়ের মধ্যেই এ সংকটের সমাধান হবে ইনশাআল্লাহ।’