মিয়ানমারের বিমানের বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনে প্রতিবাদ জানিয়েছে জাতীয় পার্টি। এই গভীর সংকট থেকে উত্তরণে বন্ধুপ্রতিম দেশগুলোর আন্তরিক সহযোগিতা কামনা করেন জাতীয় পার্টির চিফ প্যাট্রন ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ রওশন এরশাদ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল সভায় জাতীয় পার্টির সম্মেলনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক রওশন এরশাদ উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে প্রবেশে দেশের অর্থনীতির ওপর গভীর চাপ সৃষ্টি হয়েছে। তার ওপর এ বিশাল জনগোষ্ঠীর এ দেশে অবস্থানের কারণে প্রকৃতির ভারসাম্যও বিপর্যস্ত হচ্ছে। এ অবস্থার মধ্যে আবার মিয়ানমার সেনাবাহিনীর মর্টার শেল নিক্ষেপ ও তাদের বিমানবাহিনীর বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের ধৃষ্টতা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
সভায় আগামী সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে আগামী ১০ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী জাতীয় পার্টির নেতাদের সারা দেশে বিভিন্ন জেলায় কর্মসূচি গ্রহণ করা হয়। ২৬ নভেম্বর অনুষ্ঠেয় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব গোলাম মসিহর সঞ্চালনায় সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় উপস্থিত ছিলেন এম এ সাত্তার (জামালপুর), অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এস এম এম আলম, অধ্যাপক এম এ গোফরান, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, অধ্যাপক ইকবাল হোসেন রাজু ও কাজী মামুনুর রশিদ।