পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে বিনিয়োগ করতে চায় সৌদি কোম্পানি

পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের পরিচালন, রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণে আগ্রহ প্রকাশ করে বিনিয়োগের প্রস্তাব করেছে সৌদি আরবের রেডসি গেটওয়ে টার্মিনাল কোম্পানি।

মঙ্গলবার (১১ অক্টোবর) সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে বৈঠকে রেডসি গেটওয়ের টার্মিনাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আমের এ. আলি রেজা এই প্রস্তাব করেন।

বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে নৌপরিবহন প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রেডসি গেটওয়ে টার্মিনাল কোম্পানির প্রধান কার্যালয় ও কার্যক্রম পরিদর্শন করেন।

কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় পতেঙ্গা কন্টেইনার টার্মিনালকে আধুনিকীকরণে তাদের পরিকল্পনা ও বিনিয়োগ প্রস্তাব উপস্থাপন করেন।

বৈঠকের পর নৌপরিবহন প্রতিমন্ত্রী জেদ্দা ইসলামিক পোর্টে রেডসি গেটওয়ে টার্মিনাল কোম্পানির কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম পরিদর্শন করেন।

গত বছর বাংলাদেশের সাথে সৌদি আরবের পিপিপির বিষয়ে যে সমঝোতা স্মারক সই হয়েছে তার আওতায় রেডসি গেটওয়ে টার্মিনাল কোম্পানি বাংলাদেশে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের আধুনিকীকরণ, রক্ষণাবেক্ষণ ও পরিচালন বিষয়ে এই আগ্রহ প্রকাশ করে।

সৌদি আরব সফরকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী সৌদি আরবের যোগাযোগমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।