রাস্তায় যারা হেলমেট ছাড়া চলে তারা পলিটিকসের লোক: সেতুমন্ত্রী

রাজনীতিবিদদের ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা কম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এই ঢাকা শহরে এখন আর হেলমেট ছাড়া কোনও যাত্রী দেখি না। রাস্তায় যারা হেলমেট ছাড়া চলে তারা পলিটিকসের লোক। পলিটিকস ঠিক না হলে কিছু ঠিক হবে না। রাজনীতিবিদদের উদ্দেশে মন্ত্রী বলেন, মানুষের অসুবিধা করে রং সাইডে যাবেন, আপনি কী নেতা? কেমন রাজনীতিবিদ? আপনাদের দিয়ে জনগণের কী কাজে আসবে?

শনিবার (২২ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উন্নয়ন কাজে অনিয়ম দুর্নীতিতে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, সেতু নির্মাণে ১১০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে জাপানিদের হাতে। তবে চুরি চামারিও আছে। এটা অভ্যাস, চলতেই থাকবে। এদের কত টাকা দরকার, কত অর্থ, কত সম্পদের দরকার?  রাস্তা করি, বৃষ্টি হলে রাস্তা নেই। টাকা কোথায় যায়? এ টাকা সরকারের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। সচিব সাহেব, এই মন্ত্রণালয়ে দুর্নীতিবাজ থাকবে না, দুর্নীতি দমন কমিশন তদন্ত করুক। যেখানে দুর্নীতি হয়, সেখানে তদন্ত করতে হবে।

নিজে কখনও কোনও পার্সেন্টেজ নেননি দাবি করে এসময় ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার মতো সৎ নেতা চাই। তার মতো সত, ভালো মানুষ পঁচাত্তরের পরে একজনও আসেনি। কয়জন জনপ্রতিনিধি জনগণের ভাগ্যের উন্নয়ন করেন, কয়জন পকেটের উন্নয়ন করেন সে হিসাব দিতে হবে। শেখ হাসিনা নিজে সৎ থাকবেন, অন্যে পকেটের উন্নয়ন করবে সেটা হবে না।

এত বছরেও ২০১৮ সালে প্রণীত সড়ক পরিবহন আইন বাস্তবে আলোর মুখ দেখেনি উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী বলেন, শৃঙ্খলা না থাকলে সাফল্য ম্লান হয়ে যাবে। সড়কে শৃঙ্খলা আনতে হবে। আগের সচিবকেও বলেছি, এদের নিয়মের মধ্যে আনতে হবে। নীতিমালা করলে হবে না, নীতিমালা বাস্তবায়ন করতে হবে। ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক খারাপ হতে চলেছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকারী সভাপতি শাজাহান খান বলেন, নিরাপদ সড়ক দিবস আরও কয়েকদিন ধরে উদযাপন প্রয়োজন যাতে শ্রমিকরা জানতে পারে, সচেতন হতে পারে। মিশুক মনির নিহত হওয়ার দিন, চট্টগ্রাম ৪৫ ছাত্রের মৃত্যুর দিন, সচিব রাজিয়া দুর্ঘটনায় নিহতের দিনগুলোতে নিরাপদ সড়ক দিবস উদযাপন করতে হবে।

খুলনার বিএনপির সমাবেশ উপলক্ষে গাড়ি চলাচল বন্ধ নিয়ে তিনি বলেন, শ্রমিক ফেডারেশন কখনও ধর্মঘট ডাকে না। গত ১২ বছরে ডাকে নাই। এটা বিএনপি এক সময় শুরু করেছিল।

সড়ক পরিবহন ও সেতু সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিরোধীদলীয় চিফ হুইপ ও সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রওশন আরা মান্নান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী ও নিরাপদ সড়ক চাই- এর সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চন বক্তব্য রাখেন।