সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনাকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের ক্ষেত্রে বাংলাদেশে নিবন্ধন চায় সংসদীয় কমিটি।
বুধবার (২২ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সিমিন হোসেন রিমি, মুহম্মদ শফিকুর রহমান, মো. মুরাদ হাসান ও খ. মমতা হেনা লাভলী অংশ নেন।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনাকারী আন্তর্জাতিক কোম্পানিগুলোকে বাংলাদেশে আইনানুগভাবে নিবন্ধনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করার সুপারিশ করে।
বৈঠকে কমিটি অনলাইন নিউজ পোর্টাল, অনলাইন/আইপি টেলিভিশন এবং অনলাইন রেডিও'র নিবন্ধনের ক্ষেত্রে সচেতনভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে প্রদর্শিত অডিও-ভিডিও প্রতিবেদন সারাদেশে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে ‘দি সেনসরশিপ অব ফিল্মস অ্যাক্ট, ১৯৬৩ (সংশোধিত ২০০৬)-কে যুগোপযোগী করার জন্য 'বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন' দ্রুততম সময়ের মধ্যে প্রণয়নের কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়।