পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনও সহায়তা চায়নি।
বৃহস্পতিবার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন, ‘আরাভের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আমাদের কাছে কোনও সাহায্য চায় বা আমাদের যে দূতাবাস আছে সেখানে সাহায্য চায়, তবে অবশ্যই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে তথ্য প্রদান করে সহায়তা করবো।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহায়তা চেয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে কোনও সহায়তা চায়নি। তবে এ বিষয়ে দূতাবাস যোগাযোগ রাখছে এবং তথ্য চাওয়া হলে আমরা তথ্য প্রদান করবো।’
গত মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আরাভ খান নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। গত ৪৮ ঘণ্টায় পররাষ্ট্র মন্ত্রণালয় বাড়তি কী তথ্য পেয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার বেশি তথ্য এখন আমার কাছে নেই। আমরা যতদূর জানি আরাভ এখন পর্যন্ত নজরাধীন আছে। এখনও গ্রেফতার করা হয়নি বলে আমরা জানি।’
আরাভ খানের ভারতীয় পাসপোর্ট আছে এবং এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভারতের পাসপোর্টের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। কাজেই ভারতের পাসপোর্ট বাতিল করে তাকে দেশে ফেরত আনা হবে কিনা সেটি নিয়ে ওই মন্ত্রণালয় কাজ করবে। আমাদের যে দূতাবাস আছে দুবাই ও সংযুক্ত আরব আমিরাতে এবং আমাদের কাছে যদি তথ্য চাওয়া হয় বা তার সম্পর্কে কিছু জানতে চাওয়া হয় তবে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তথ্য-উপাত্ত দিয়ে সহায়তা করতে পারি।’
সাংবাদিকরা আরও বেশি তথ্য চাইলে তিনি বলেন, ‘দূতাবাসের সঙ্গে কথা বলে আপনাদের জানাতে পারবো।’