সুদানে না যাওয়ার পরামর্শ

সুদানে সশস্ত্র সংঘর্ষ চলছে। এ কারণে দেশটিতে ভ্রমণ না করার জন্য বাংলাদেশি নাগরিকদের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি সুদানে মারাত্মক সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে, যার ফলে হতাহতের ঘটনা ঘটছে এবং খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহে ব্যাঘাত ঘটছে। খার্তুম বিমানবন্দরসহ খার্তুম শহর এবং দেশের বিভিন্ন স্থানে চলছে এই সংঘর্ষ।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশি নাগরিকদের জন্য এখন সুদান ভ্রমণ নিরাপদ নয়। এ কারণে সব বাংলাদেশি নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে এই পরামর্শটি অবগত করা হলো।

দূতাবাস এ ব্যাপারে সুদানে বসবাসরত বাংলাদেশিদেরও পরামর্শ দিচ্ছে।