রাষ্ট্রপতির সঙ্গে বিএসএমএমইউ উপাচার্যের সাক্ষাৎ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আচার্য রাষ্ট্রপতি  মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। রবিবার (৩ সেপ্টেম্বর) বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপ্রতির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএসএমএমইউ’র উপাচার্য নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয়ের ‘বার্ষিক প্রতিবেদন’ হস্তান্তর করেন উপাচার্য। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবা, স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্য গবেষণার অগ্রগতি তুলে ধরেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের গতিশীল কার্যক্রমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সন্তোষ প্রকাশ করেন বলে জানান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এছাড়াও তিনি রোগীর সেবা ও গবেষণায় আরও বেশি মনোযোগী হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কিডনি ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট আরও বৃদ্ধি ও ভবিষ্যতে রোবটিক সার্জারি চালুর বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলেও উপাচার্যকে আশ্বস্ত করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে তিনি দেশে প্রথমবারের মতো ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট ও লিভার ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় বিএসএমএমইউ’র বর্তমান প্রশাসনকে অভিনন্দন জানান।