বোয়িং এখন অর্ধেক দামে প্লেন বিক্রি করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে ১০টি প্লেন কিনেছে বাংলাদেশ। এরপর বিমানকে বহুমুখীকরণের অংশ হিসেবে এয়ারবাস থেকে প্লেন কেনার আলোচনা করছে সরকার। বোয়িং এখন অর্ধেক দামে প্লেন দিতে চাইছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এয়ারলাইন্স ব্যবসা বহুমুখী করবো। আমরা বোয়িং কিনেছি। এরপর ঠিক করলাম এয়ারবাস কিনবো। আর যায় কোথায়! এখন আমাদের বলছেন—অর্ধেক দামে বোয়িং দেবে। এখন তারা বলছেন, আগে যে দামে দিয়েছেন, তার থেকে অর্ধেক দামে দেবে। এটি ভালো।’

আব্দুল মোমেন বলেন, ‘বোয়িং থেকে যাতে আমরা বের না হয়ে যাই, সে কারণে একাধিক গোষ্ঠী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে। তারা বলছেন, আপনারা এখান থেকে সরে যাবেন না।’

সাবেক সচিবের সম্পদ জব্দ

সাবেক সচিব বিডি মিত্রের সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র বলে একটি খবর প্রকাশ পেয়েছে। এই খবরের সত্যতা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বিষয়টি জানেন না।

তিনি বলেন, ‘আমি জানি না। এটি শোনা যাচ্ছে। এটি দুদক হয়তো বলতে পারে। কিন্তু আমার জানা নেই। তবে আমি শুনেছি। এটি যদি হয় তবে সেটি হবে খুব দুঃখজনক। কারণ, তিনি খাদ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়।’

বিদেশি পর্যবেক্ষক

বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষক আসলে ভালো, কিন্তু না এলে বিষয়টি নিয়ে সরকার গুরুত্ব দেবে না।

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসলে ভালো। কিন্তু না এলেও এটি কোনও বিষয় নয়। কারণ, নিজেদের ওপর আমাদের আত্মবিশ্বাস আছে। আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবো। কেউ যদি এসে দেখতে চায়, আমরা স্বাগত জানাবো।’