সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী

নিষেধাজ্ঞা দিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র উত্তেজনা সৃষ্টির করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এ মাসে যুক্তরাষ্ট্র আবার নিষেধাজ্ঞা দিতে পারে– এ বিষয়ে একটি সংবাদের প্রতি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘তারা যে দেবে না এটিও জানি না। যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। কিন্তু এটি থেকে আমরা বলতে পারি না যে তারা নিষেধাজ্ঞা দেবে কি দেবে না। কিন্তু এটি বিবেচ্য বিষয় নয়।’

পৃথিবীর বিভিন্ন দেশে নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র গণতন্ত্র প্রতিষ্ঠায় সফল হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আমি প্রশ্ন করেছিলাম তোমরা কোন দেশে নিষেধাজ্ঞা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছো?’

তিনি বলেন, ‘এটি হচ্ছে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছে, খুব ভালো করছে। পৃথিবীর মধ্যে একটি বিশেষ অবস্থান নিয়েছে।’

বাংলাদেশকে দমিয়ে রাখো

বাংলাদেশ কোনও নির্দিষ্ট দলে বা জোটে নেই উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি জানিয়েছি যে আমরা কোনও দলে নেই। আমরা কোনও লেজুড় হতে চাই না। আমরা একটি স্বাধীন, সার্বভৌম ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখি। এটিতে অনেকের চক্ষুশূল। একটি ছোট দেশ… তাদের এত সাহস যে আমাদের কথা শোনে না। এছাড়া অর্থনীতি ভালো হয়েছে। কিন্তু আমাদের থেকে জিনিস কেনে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এত ভালো করে ফেলছে, তাদের দমিয়ে রাখো। দুই নম্বর, তার একটি স্বাধীন পররাষ্ট্র নীতি আছে এবং এটি কীভাবে সম্ভব। এটি তো গ্রহণযোগ্য নয়। এজন্য আমরা বেড়াজালে আছি।’

তিনি আরও বলেন, আমাদের কাছে সবাই এখন আসে দেখা করতে। প্রধানমন্ত্রী এবার ইউরোপে যাবেন এবং অনেক দেশের সরকার প্রধান আসবে দেখা করতে। তারা প্রস্তাব নিয়ে আসবে যে আমার দেশ থেকে জিনিস কেনো। আবার এই জিনিস কেনা নিয়ে তাদের মধ্যে ঝগড়া।

আরও পড়ুন- চীনকে আটকাতে হলে যুক্তরাষ্ট্রকে টাকাপয়সা নিয়ে আসতে বললেন পররাষ্ট্রমন্ত্রী