৮৫৯ জনকে নিতে চায় বিস্ফোরক পরিদফতর, জনপ্রশাসনের না

বিস্ফোরক পরিদফতরের ৮৫৯ জনবল নিয়োগের প্রস্তাবকে না বলে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কোনও পরিদফতরের জন্য এত বড় জনবল কাঠামো অনুমোদন করা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে তাদের।

দেশের বিস্ফোরক সংক্রান্ত সব বিষয় নিয়ন্ত্রণে ওয়ানস্টপ সেবা চালু করার উদ্যোগ নেওয়ার নির্দেশ দেয় সরকার। এরপর বছরের শুরু থেকে একটি পৃথক জনবল কাঠামো বা অর্গানোগ্রাম করতে বিস্ফোরক পরিদফতরকে নির্দেশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তারপরই নতুন জনবল কাঠামো তৈরি করে বিস্ফোরক পরিদফতর। তবে তাদের প্রস্তাবে না করে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিষয়টি জ্বালানি বিভাগকে জানিয়েছে বিস্ফোরক পরিদফতর। জ্বালানি সচিব নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে বিস্ফোরক পরিদফতরের পক্ষ থেকে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে কোনও পরিদফতরের জন্য এত বড় জনবল কাঠামো অনুমোদন করা সম্ভব নয়। তবে বিষয়টি তাদের মৌখিকভাবে জানানো হয়েছে।

বৈঠকে জ্বালানি সচিব নূরুল আমিন বিষয়টি নিয়ে বিস্ফোরক পরিদফতরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার নির্দেশ দেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

বিস্ফোরক পরিদফতর সূত্র জানায়, এখন তাদের ১১৪ জনের জনবল কাঠামো রয়েছে। এই কাঠামো দিয়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশালে তাদের আঞ্চলিক অফিসও পরিচালনা করা হয়। এই জনবল কাঠামোটি অনেক পুরনো। এখন দেশের অর্থনীতির আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিস্ফোরক পরিদফতরের কাজও বাড়ছে।

এছাড়া ওয়ানস্টপ সেবা দিতে হলে বিস্ফোরক পরিদফতরকে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে হবে। এজন্য তাদের বাড়তি জনবল দরকার।

বিস্ফোরক পরিদফতরের এক কর্মকর্তা জানান, বিস্ফোরক সংক্রান্ত সব সেবা এক জায়গা থেকে পাওয়া যাবে এমন কথাই আমাদের আগে জানানো হয়েছিল। এখন আবার নতুন করে যেভবে বলা হবে সেই ভাবে আমরা কাজ করবো।

আগে থেকে বিস্ফোরক পরিদফতর ১৮টি সেবা অনলাইনে দিয়ে আসছে। করোনার সময়ে লকডাউনের মধ্যে আমাদের ব্যাপকভাবে হ্যান্ড স্যানিটাইজারের জন্য কাঁচামাল আমদানি করতে হয়েছে। বিস্ফোরক পরিদফতর তখন অনলাইনে সেবা দিয়ে ব্যাপক সাড়া পেয়েছে।

রান্নার গ্যাস থেকে শুরু করে তেল গ্যাস অনুসন্ধানে বিস্ফোরক আমদানি, এমনকি নানা রাসায়নিক দাহ্য পদার্থ আমদানির জন্য বিস্ফোরক পরিদফতরের পূর্বানুমোদন প্রয়োজন হয়। এমনকি অনেক শিল্প কারখানা স্থাপনের জন্যও পরিদফতটির অনাপত্তিপত্র প্রয়োজন হয়।

আরও পড়ুন- বিস্ফোরক পরিদফতরের এক জায়গায় মিলবে সব সেবা