৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ থেকে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রবিবার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী নবম গ্রেডে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের আগামী ২০ ডিসেম্বর সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত তারিখে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে। নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে ২৬৬ জন, পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে ৭৬ জন এবং কর ক্যাডারে সহকারী কর কমিশনার পদে ৩৮ জন রয়েছেন।
এর আগে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৫৭ জনকে সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। সেই সুপারিশের বিপরীতে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হলো।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গত ১৮ জানুয়ারি শুরু হয়ে ২৬ জানুয়ারি শেষ হয়। ২০২৫ সালের ২৭ নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৪ হাজার ৪২ জন।
এর আগে ২০২৫ সালের ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত আবশ্যিক বিষয়ের এবং ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ২০২৫ সালের ৮ থেকে ১৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরীক্ষার্থীদের দাবির মুখে তা স্থগিত করা হয়েছিল।
২০২৪ সালের ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন।
বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ১৪০ জনকে নিয়োগ দিতে ২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব পদের বিপরীতে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়ে।