পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, আমরা বিদেশিদের ভালো উপদেশ বা পরামর্শ গ্রহণ করতে প্রস্তুত। আর তারা আমাদের ত্যক্ত করলে জবাব কীভাবে দিতে হয় তা আমাদের জানা আছে।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেটে হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে এখন নির্বাচনি জোয়ার বইছে। দেশের অবস্থা খুব ভালো। ঘোষিত সময়ে দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন হবে। আওয়ামী লীগ ও সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে আমরা গত টানা ১৫ বছর দেশের উন্নয়নে অনেক কাজ করেছি। এখন আমাদের পরীক্ষা। এতে দেশের জনগণ বিপুলভাবে আমাদের পাস করাবেন।
আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের সরকারকে খুব বাস্তববাদী উল্লেখ করে বলেন, ১৯৭১ সালে আমেরিকা আমাদের সমর্থন দেয়নি। কিন্তু বিজয় অর্জনের পর জাতিসংঘের সদস্য পদের জন্য তারা আমাদের সমর্থন দিয়েছে। অতীতের মতো সরকার গঠনের পর এবারও তারা বাংলাদেশকে সমর্থন দিতে বাধ্য হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।