ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মরদেহের খণ্ডাংশ উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে কলকাতার পুলিশ। আজ শুক্রবার (২৪ মে) কলকাতার নিউ টাউনের পাশের ভাঙ্গর এলাকার বাগজোলা খালে ডুবুরি নামানো হচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেফতার ক্যাবচালক জিহাদের ১৪ দিনের রিমান্ড চাইলে বারাসাত আদালত ১২ দিনের রিমান্ড মঞ্জুর করে। সিআইডি পুলিশ জিহাদের মুখ ঢেকে তাকে আদালতে নিয়ে আসে। এসময় তাকে প্রশ্ন করা হলে কোনও উত্তর দেয়নি। পরে তাকে কলকাতার সিআইডি সদর দফতর ভবানীভবনে নিয়ে যাওয়া হয়। তাছাড়া গ্রেফতার সিয়ামকে বশিরহাট আদালতে নেওয়া হয়েছে। তারও রিমান্ড চাইবে পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রে এই খবর পাওয়া গেছে।
পুলিশ সূত্র জানায়, জুবেইরের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ মে) রাত ১০টা নাগাদ বাগজোলা খালে উদ্ধার অভিযান চালায় কলকাতা সিআইডি ও পুলিশের একটি দল।
এদিকে, আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিয়ামকে আদালতে তুলে রিমান্ড আবেদন করেছে পশ্চিমবঙ্গের সিআইডি। আজীমকে হত্যার পর যে অ্যাপ থেকে ক্যাব ডেকেছিলেন হত্যাকারীরা, তার চালককে জেরা করে সিয়ামের সন্ধান পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ধারণা করা হচ্ছে, লাশ গুম করার দায়িত্ব ছিল সিয়ামের ওপর।