ইউরোপিয়ান ইউনিয়নভূক্ত দেশগুলোতে দক্ষ পেশার মানুষের চাহিদা রয়েছে। এসব দেশে বিভিন্ন দক্ষ পেশাজীবীদের পাঠানোর জন্য আলোচনা করছে বাংলাদেশ ও ইইউ।
রবিবার (২৬ মে) ‘ইউ টুডে’তে প্রকাশিত এক সাক্ষাৎকারে ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ একথা জানান।
জ্যেষ্ঠ সাংবাদিক গ্যারি কার্টরাইটকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইউরোপে দক্ষ জনশক্তির প্রচুর চাহিদা আছে। কেয়ার-গিভার, নার্স, ট্রাক ড্রাইভারসহ অন্যান্য পেশার চাহিদা আছে। বাংলাদেশে কোন ধরনের দক্ষ পেশার মানুষ আছে, সেটি নিয়ে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আলোচনা করছি।’
ইউরোপিয়ান ইউনিয়নের ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রামের একটি অংশীদার দেশ হচ্ছে বাংলাদেশ। এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশি বিভিন্ন ধরনের দক্ষ পেশার মানুষ ইইউ’র দেশগুলোর চাহিদা অনুযায়ী কাজ করার সুযোগ পাবে। বৈধপথে ইউরোপে যাওয়ার বিষয়ে সবার জানা থাকলে ঝুঁকিপূর্ণ পথে যেতে তারা নিরুৎসাহী হবেন বলে তিনি জানান।
‘অভিবাসন একটি অত্যন্ত রাজনৈতিক স্পর্শকাতর বিষয়’, জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, ইইউভুক্ত দেশগুলোতে বৈধ অভিবাসন সহজ করার জন্য এবং অবৈধভাবে অবস্থানকারীদের যাচাই-বাছাই করে ফেরত পাঠানোর একটি মেকানিজম আছে। সেটি অত্যন্ত ভালোভাবে কাজ করছে।
রাষ্ট্রদূত কানেক্টিভিটি ইস্যতে বলেন, দক্ষিণ এশিয়ায় এটির অভাব আছে। এজন্য আমরা বিভিন্ন ধরনের ভৌত অবকাঠামো নির্মাণের পাশাপাশি আন্তঃদেশ বিদ্যুৎ-বাণিজ্যের জন্য গ্রিড তৈরি করছি। এখানে বলতে হচ্ছে— দক্ষিণ এশিয়ায় প্রথম পাওয়ার গ্রিড হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১১ বছর আগে।
এই অঞ্চলে প্রচুর পানি আছে এবং আমরা যৌথ জলবিদ্যুৎ প্রকল্পের বিষয়ে চিন্তা করছি। ইইউ এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকেরও এ বিষয়ে আগ্রহ আছে বলে তিনি জানান।