কলকাতায় যে ভবনে ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজীম আনারকে খুন করা হয় বলে ধারণা করা হচ্ছে, সেই ভবনের সেপটিক ট্যাংক থেকে কিছু মাংসপিণ্ড উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার একটি সূত্র এই তথ্য জানায়। এটি আনারের দেহাংশ কিনা তা ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে বলেও জানায় সূত্র।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির ওই কর্মকর্তা জানান, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই কলকাতা সিআইডি কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেন নামের ওই ভবনে অভিযান চালায়। আনার হত্যার দায়ে গ্রেফতার মাহমুদ হাসান শিমুল ওরফে শিমুল ভুইয়া ওরফে আমান উল্লাহ আমান জিজ্ঞাসাবাদের সময় ডিবিকে জানায়, হত্যার পর আনারের দেহ খণ্ড-বিখণ্ড করার পর কিছু অংশ তারা টয়লেটে ফেলে ফ্ল্যাশ করে দেয়। এই তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার (২৮ মে) অভিযান চালানো হয়।
এদিকে বাংলা ট্রিবিউনের কলকাতা প্রতিনিধি রক্তিম দাশ জানান, কলকাতা সিআইডি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের টিম জানিয়েছে, খুন করার পরে আনারের কাছে থাকা সাড়ে ৪ লাখ টাকা তারা নিয়ে নেয়। এমনকি আনারের টিশার্ট পরে সেই কসাই (জিহাদ) বেরিয়ে যায়।
ডিএমপি’র গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ কলকাতা পুলিশকে অনুরোধ জানান, সঞ্জিভা গার্ডেনের বাথরুম কমোডের পাইপও যেন পরীক্ষা করে দেখা হয়। সঙ্গে সেপটিক ট্যাংকও পরীক্ষা করে সিআইডি। এছাড়া আবাসনের উল্টোদিকে বাগজোলা খালে এখনও তল্লাশি চালানো হচ্ছে।
কলকাতা সিআইডি সূত্র জানায়, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা কর্মীরা সঞ্জিভা গার্ডেনের আশপাশের জঙ্গল সাফ করেও খোঁজাখুঁজি চালাচ্ছেন। সংলগ্ন খালেও চলছে দেহাংশের সন্ধান।