প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন ইইউ’র ২৮ রাষ্ট্রদূত

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের ২৭টি দেশের ২০ জন অনাবাসী রাষ্ট্রদূতসহ মোট ২৮ জন রাষ্ট্রদূত বৈঠক করবেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘ইউরোপিয়ান ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকারপ্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারই প্রথম। এ সভা বাংলাদেশ ও ইইউ’র সম্পর্ক আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে। আসন্ন যৌথ সভায় তারা বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সদস্য রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্র, এলডিসি উত্তরণ পরবর্তী জিএসপি+ বাণিজ্য সুবিধাদি, জলবায়ু পরিবর্তন সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবিলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে।’

চিলির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

নয়া দিল্লিতে (বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত) চিলির রাষ্ট্রদূতের সঙ্গে দক্ষিণ আমেরিকার অনুবিভাগের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে মহাপরিচালক জানান, ‘বাংলাদেশ ও চিলির কূটনৈতিক প্রশিক্ষণ অ্যাকাডেমির মধ্যে অনুষ্ঠেয় স্বাক্ষর সমঝোতা স্মারকসহ অন্যান্য চুক্তি ও সমঝোতা স্মারকের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও চিলির মধ্যে বর্তমানে (ক) কৃষি, (খ) কূটনীতিক প্রশিক্ষণ এবং (গ) সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের লক্ষ্যে উদ্যোগ চলমান রয়েছে।’