ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) নির্বাচনে বিজয়ী ছাত্র শিবিরের প্যানেলকে অভিনন্দন জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ইসলাম। এছাড়াও বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ও ফলাফল মেনে নেওয়া অন্যান্য অংশগ্রহণকারীদেরও তিনি শুভেচ্ছা জানান।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আইন উপদেষ্টা লেখেন, ডাকসুতে শিবিরের বিশাল বিজয় নিয়ে নানা বিশ্লেষণ চলছে। আমি শুধু একটা কথা বলবো—এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে। হাসিনার আমলে শিবির ট্যাগ নিয়ে অগণিত শিবির কর্মী ও সাধারণ ছাত্রদের প্রতি অমানসিক নির্যাতন হয়েছে। শিবির সন্দেহে পেটানোর পর পুলিশে সোপর্দের ঘটনা ছিল নিত্যনৈমিত্তিক।
তিনি লেখেন, আমি অবিরামভাবে এর তীব্র প্রতিবাদ করেছি। নানা হুমকি ও আক্রমণ এসেছে, কখনও থামিনি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এই থিমের ওপর ‘আমি আবুবকর’ নামের উপন্যাসও লিখেছি। এক বইমেলাতেই এটি ১১ বার মুদ্রণ করতে হয়েছিল। তখন এর কারণ বুঝিনি, এখন বুঝতে পারছি। শিবিরের নেতাদের প্রতি আমার অনুরোধ—গণঅভ্যূত্থানকারী সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করুন।
আইন উপদেষ্টা লেখেন, সলিমুল্লাহ হলে জুম্মার নামাজ পড়তে যাওয়ার সময়ে হলের ভেতর দিয়ে যেতাম। বারান্দায় চৌকি, মশারি আর ভাঙ্গা টেবিল চেয়ার দেখে বস্তির মতো লাগতো। ক্যান্টিন দেখে মনে হতো লঙ্গরখানা। আর কক্ষগুলোর ভেতর তো উঁকি দিতেই ইচ্ছে হতো না। কতো কিছু নেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কতো সমস্যা এখানে। আশা করি ফ্যাসিস্টমুক্ত এই বাংলাদেশে ঢাবির অন্তত আবাসিক শিক্ষার্থীদের কিছু গুরুতর সমস্যা আপনারা দূর করে যাবেন।