বাংলাদেশ-ফিনল্যান্ড ঘনিষ্ঠ সম্পর্কের অঙ্গীকার পুনর্ব্যক্ত

বাংলাদেশে নিযুক্ত ফিনল্যান্ডের রাষ্ট্রদূত কিমো লাহদেভির্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মহম্মদ নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে এবং বাণিজ্য, বিনিয়োগ, পরিবেশ-বান্ধব জ্বালানি, ডিজিটাল পরিষেবা এবং বস্ত্র ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। আসন্ন নর্ডিক দিবস উদযাপনের জন্য রাষ্ট্রদূত ও ফিনল্যান্ডের জনগণকে অভিনন্দন জানান সচিব।

ফিনল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ দেখে ফিনল্যান্ড খুবই আনন্দিত। ড. নজরুল ইসলাম বাংলাদেশের সংস্কার এজেন্ডা এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে একটি জাতীয় গণভোটের পাশাপাশি ১২ ফেব্রুয়ারি নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির ওপর আলোকপাত করেন। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার উদ্যোগে ফিনল্যান্ডের সমর্থনের প্রশংসা করে ড. নজরুল ইসলাম। আসন্ন জাতীয় নির্বাচনের জন্য একটি বড় ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইওএম) মোতায়েনের জন্য ফিনল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের প্রশংসা করেন। রাষ্ট্রদূত বলেন, ফিনল্যান্ডের নির্বাচন পর্যবেক্ষকরা শিগগিরই বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনে যোগ দেবেন।

ড. নজরুল ইসলাম শ্রম অধিকার ও কর্মক্ষেত্রের নিরাপত্তার প্রতি দেশের প্রতিশ্রুতির ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ উত্তরণ এবং জিএসপি প্লাস আকাঙ্ক্ষার জন্য ফিনল্যান্ডের সমর্থন কামনা করেন।

তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন ছাড়ের সময়কাল অনুসরণ করে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি নতুন চুক্তির প্রয়োজন হবে এবং সম্ভাব্য বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) জন্য ফিনল্যান্ডের সমর্থন ব্যক্ত করেন।

বাংলাদেশের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বিনিয়োগের সুযোগের কথা তুলে ধরে নজরুল ইসলাম রাষ্ট্রদূতকে উৎপাদন সুবিধা, ব্যবসায়িক কার্যক্রম এবং সর্বোপরি বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের জন্য ইপিজেডগুলো পরিদর্শনের আমন্ত্রণ জানান।

তিনি ঢাকায় আসন্ন ব্যবসায়িক অনুষ্ঠানে ফিনল্যান্ডের অংশগ্রহণকে উৎসাহিত করেন। জবাবে রাষ্ট্রদূত কোরিয়ান ও জাপানের ইপিজেড পরিদর্শনের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং ফিনল্যান্ডের ব্যবসায়ী সম্প্রদায় বাংলাদেশে আসন্ন ইইউ ব্যবসায়িক ইভেন্টে অংশ নিতে আগ্রহী বলে উল্লেখ করেন।

উভয় পক্ষই গত ১৪ ডিসেম্বর বাংলাদেশ প্রাইভেট কেবল সিস্টেম (বিপিসিএস) এবং নোকিয়ার মধ্যে একটি চুক্তি সইয়ের বিষয়টিকে স্বাগত জানিয়েছে— যা সিঙ্গাপুরকে কক্সবাজারের সঙ্গে সংযুক্ত করার জন্য বাংলাদেশের প্রথম বেসরকারি সাবমেরিন ক্যাবল প্রকল্প হবে।