শিক্ষার্থী, প্রতিবন্ধী এবং ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য মেট্রোরেলসহ দেশের সব ধরনের রেলসেবায় ২৫ শতাংশ ভাড়া ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৩ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে এই তিন শ্রেণির নাগরিকদের জন্য মেট্রোরেল ও বাংলাদেশ রেলওয়ের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন এই ভাড়ার হার কার্যকর হতে কারিগরি ও প্রশাসনিক কারণে কিছুটা সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।
আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাতায়াত নিয়ে মন্ত্রী বলেন, “এবারের ঈদযাত্রায় বাসের ভাড়া বাড়ার কোনও শঙ্কা নেই। যাত্রীরা যাতে নির্বিঘ্নে এবং নির্ধারিত ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”
ঈদযাত্রা নিরাপদ ও উৎসবমুখর রাখতে পরিবহন খাতে কঠোর মনিটরিংয়ের কথা জানিয়ে শেখ রবিউল আলম বলেন, “সংশ্লিষ্ট সব সংস্থাকে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”