জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে তিনি এ কথা জানান।
আগামী ১২ তারিখে সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘‘প্রথম অধিবেশনে সরকারি দল হিসেবে আমাদের যেসব সংশ্লিষ্টতা আছে, সেসব বিষয়ে মন্ত্রিপরিষদে একটা প্রস্তুতি নেওয়া হয়েছে।’’
তিনি বলেন, ‘‘সংসদ অধিবেশন ঘিরে যে আলাপটুকু সেটা হয়েছে। এরইমধ্যে আমরা সিদ্ধান্তগুলো নিয়েছি— ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ, এই পদক্ষেপগুলো যেন রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে প্রতিফলিত হয়, যে প্রতিশ্রুতি এবং আমরা যেগুলো বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি, আমরা সেগুলো নিয়ে আলাপ করেছি।’’
তিনি বলেন, ‘‘রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আমরা কথা বলেছি এবং আলোচনায় বেশ কিছু প্রসঙ্গ এসেছে। এরপর চূড়ান্ত হবে।’’
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলাপের বিষয়ে জহির উদ্দিন স্বপন বলেন, ‘‘সংশ্লিষ্ট মন্ত্রণালগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী এ বিষয়ে আলোচনা করবেন। তখন অর্থ ও বিদ্যুৎমন্ত্রীসহ সবাই ডাকবেন।’’