ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে। মানুষের ভোটের কালি মোছার আগেই সরকারের ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।”

সোমবার (১৬ মার্চ) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলাবাড়ি এলাকায় রাজখাল খনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, “নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। কৃষকদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এছাড়া আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কৃষি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হবে।”

টুকু বলেন, “দেশের নদী ও খাল পুনরুদ্ধারে সরকার একটি বড় কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটারের বেশি নদী ও খাল খনন করা হবে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে খনন কার্যক্রম শুরু হয়েছে। আজ রাজখাল খননের মধ্য দিয়ে টাঙ্গাইল জেলায় এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো।”

তিনি বলেন, “কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থা সচল রাখা এবং শুকনো মৌসুমে পানির সংকট মোকাবিলায় খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচির মাধ্যমে তৃণমূলের কৃষকদের আরও স্বাবলম্বী করে তোলাই সরকারের লক্ষ্য।” টাঙ্গাইল জেলার যেসব খাল ভরাট হয়ে গেছে বা মৃতপ্রায় অবস্থায় রয়েছে সেগুলোও পর্যায়ক্রমে খনন করা হবে জানিয়ে টুকু বলেন, “এর ফলে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষি ও মৎস্য খাত উপকৃত হবে।”