হামসহ ছয়টি রোগের টিকা আসছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারের প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থা আরও জোরদার করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যেই হামসহ ছয়টি রোগের টিকা সংগ্রহে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফকে অর্থ পরিশোধ করা হয়েছে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকের পরে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “শিগগিরই টিকা দেশে পৌঁছাবে। ইতিমধ্যে অর্থ ছাড় করা হয়েছে এবং আগামী এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে টিকা আসার সম্ভাবনা রয়েছে। টিকা হাতে পাওয়া মাত্র সারা দেশে টিকাদান কর্মসূচি জোরদার করা হবে। জনগণকে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।”

তিনি বলেন, হামসহ শিশুরোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকারের উদ্যোগে ২০টি ভেন্টিলেশন সুবিধা প্রস্তুত রাখা হয়েছে। 

এছাড়া, ২০১৮ সালের পর দেশে হাম প্রতিরোধে বড় ধরনের কোনো সচেতনতা ক্যাম্পেইন না হওয়ায় জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংক্রামক রোগ মোকাবিলা, নার্সিং সেবার উন্নয়ন এবং আইসিইউ সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য পাঁচ সদস্যের একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার রূপরেখা আগামী মে মাসের মধ্যে চূড়ান্ত করা হবে।

এদিকে, স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানান, ইতোমধ্যে ইউনিসেফকে টিকার অর্থ পরিশোধ করা হয়েছে। এখন ক্রয় কমিটির অনুমোদন পেলেই আনুষ্ঠানিক অর্ডার দেওয়া হবে এবং দ্রুত টিকা দেশে পৌঁছাবে। টিকা আসার সঙ্গে সঙ্গেই দেশব্যাপী টিকাদান কার্যক্রম জোরদার করা হবে।