এই মুহূর্তে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে যাওয়ার সুযোগ নেই: অর্থমন্ত্রী

বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। অর্থনীতির যে দুরবস্থা বর্তমান সরকার পূর্বের সরকার থেকে পেয়েছে তা কাটিয়ে উঠতে পারলে এলডিসি নিয়ে চিন্তাভাবনা করা হবে।”  

রবিবার (৫ এপ্রিল) এনইসি সম্মেলন কক্ষে ন্যাশনাল মাল্টি-স্টেকহোল্ডার কনসাল্টেশন অন বাংলাদেশ’স গ্র্যাজুয়েশন রেডিনেস অ্যাসেসমেন্ট অনুষ্ঠানে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।   

অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশের অর্থনীতির অস্থিরতা কাটানোর জন্য বাংলাদেশ সরকার প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রভাব শুধু বাংলাদেশে নয়—সারা বিশ্বে প্রভাব পড়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার কারণে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার। ফলে বাংলাদেশের তহবিলে অনেক বিরূপ প্রভাব পড়েছে।” দেশের তহবিলে রীতিমতো রক্তক্ষরণ হচ্ছে বলেও জানান তিনি।   

আমির খসরু বলেন, “দেশের অর্থনৈতিক অস্থিরতা ছাড়াও অনেক ঋণ রয়েছে। ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করা বড় ধরনের সমস্যা হচ্ছে।” এসময় তিনি আগামীতে কস্ট অফ ফাইন্যান্সিং মাথায় রেখে ফাইন্যান্সিংয়ের চিন্তা করার কথাও বলেন।   

এই মুহূর্তে এলডিসি গ্রাজুয়েশনের দিকে যাওয়ার কোনও সুযোগ নেই জানিয়ে মন্ত্রী বলেন, “আমাদের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করে, দেশের ক্যাপাসিটি বিল্ডিংয়ের মাধ্যমে আমরা নির্ধারণ করবো কখন এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে যেতে পারবো। জনগণের কাছে নির্বাচনি ইশতিহারের মাধ্যমে আমরা যে ওয়াদা করেছি সেটা সময়মতো বাস্তবায়নের চেষ্টা করছি। ফ্যামিলি কার্ড বিতরণসহ আমরা কিছু কাজ বাস্তবায়ন করেছি। এসব কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং হলে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে যাবো।”