রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একজন ভাগ্যবান ব্যক্তি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি ওই মন্তব্য করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মীর শাহে আলম বলেন, রাষ্ট্রপতির বক্তব্যে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। রাষ্ট্রপতি একজন অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি। এই ভাগ্যবান ব্যক্তির বক্তব্যের ওপর আলোচনার সুযোগ পাওয়াতে নিজেকে ভাগ্যবান মনে করছি।
তিনি বলেন, এ কারণে রাষ্ট্রপতিকে ভাগ্যবান বলছি, তিনিই প্রথম যিনি তিন ধরনের তিনটি সরকারের শপথ দিয়েছেন। প্রথমত, বিনাভোটে নির্বাচিত একটি সরকারের শপথ পড়ান, দ্বিতীয়ত সংবিধানে নাই, কিন্তু আন্দোলনের মাধ্যমে একটি অন্তর্বর্তী সরকার এসেছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেই সরকারের তিনি শপথ পড়ান। সর্বশেষ জনগণের ভোটে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত, মানুষের বহু আকাঙ্ক্ষিত একটি সরকার, যেটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে, সেই সরকারের তিনি শপথ পড়িয়েছেন।
মীর শাহে আলম বলেন, আজকের এই সংসদটি একটি অনন্য বৈশিষ্ট্য সংসদ। যে সংসদে ২১৯ জন নতুন সংসদ সদস্য। এর মধ্যে সংসদ নেতা প্রধানমন্ত্রী নিজেও প্রথম বারের মতো নির্বাচিত হয়ে এসেছেন। বিরোধীদলীয় নেতা তিনিও প্রথমবারের মতো সংসদে নির্বাচিত হয়ে এসেছেন। আমি নিজেও প্রথমবারের মতো নির্বাচিত হয়ে সংসদে এসেছি। এই সংসদে ২১৯ জন নতুনের মধ্যে আমাদের বিএনপি থেকে নির্বাচিত ১৪৬ জন নতুন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছি।