দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
জাহেদ উর রহমান বলেন, “মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতি নিয়ে এখনও উদ্বেগ রয়েছে এবং যেকোনো সময় পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তবে, দেশে প্রয়োজনীয় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে।”
জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য বিদ্যুৎচালিত বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে গত ২৭ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি প্রজ্ঞাপন (এসআরও) জারি করেছে।”
এনবিআর কতৃক জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানির ক্ষেত্রে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক, আগাম কর (এটি) এবং অগ্রিম আয়করসহ কোনও ধরনের শুল্ক-কর দিতে হবে না। আর গত ৩ মে ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা।