গত বছরের তুলনায় অপরাধ চিত্রের অনেক বেশি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা মাস ভিত্তিতে অপরাধের একটা স্টেটমেন্ট করে থাকি যে, ডাকাতি, খুন, ধর্ষণ এগুলো জাতীয়ভাবে কতোটা প্রতিমাসে এবং বছরওয়ারি কয়টা। আমাদের বছর হয়নি, তিন মাস আমরা কম্পেয়ার করি, আগের বছরের ওই মাসে কি হয়েছে। আমার কাছে কয়দিন আগে একটা স্টেটমেন্ট এসেছিল; সেখানে দেখেছি, ২০২৫ সালের তুলনায় অপরাধের চিত্র আমাদের সময়ে অনেক বেশি আমরা উন্নতি লাভ করেছি।

সোমবার (৮ জুন) স্বরাষ্ট্রমন্ত্রালয়ে পুলিশ সদস্যদের পুরস্কৃত করার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক অপরাধ কম প্রত্যেকটা ক্যাটাগরিতে। যদি মাসিক হিসাব করি ২০২৫ সাল বা ২০২৪ সালের সঙ্গে তুলনাই চলে না। কিন্তু প্রকৃত সংখ্যা আপনি যেটা বললেন, সেটা আমার সামনে নাই। এ বিষয়ে মন্তব্য করতে পারবো না। কাজের স্বীকৃতি দেওয়া হলে পুলিশ সদস্যরা আরও উৎসাহিত ও অনুপ্রাণিত হবেন এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, এ ধরনের উদ্যোগ আগে হয়েছে কিনা, আমি জানি না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি ‘বুস্ট আপ’ করতে চাই, যাতে তারা আইনের শাসন প্রতিষ্ঠায় আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারে।

সালাহউদ্দিন আহমেদ জানান, তিনটি আলোচিত ঘটনায় দায়িত্বশীল ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের স্বীকৃতি দেওয়া হয়েছে।

এর মধ্যে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার তদন্ত ও আসামি গ্রেফতারে দ্রুত পদক্ষেপ নেওয়া সংশ্লিষ্ট কয়েকজন পুলিশ সদস্য, দৌলতদিয়ায় নৌ দুর্ঘটনায় যাত্রীদের প্রাণ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নৌ পুলিশের তিন সদস্য এবং মুন্সীগঞ্জে সংঘটিত সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চার আসামিকে গ্রেফতারে অবদান রাখা তিন পুলিশ সদস্য রয়েছেন।

তিনি বলেন, সব মিলিয়ে আজ ১৫ জন পুলিশ সদস্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে তাদের মনোবল বৃদ্ধি পাবে এবং অন্যরাও ভালো কাজ করতে উৎসাহিত হবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার ও সম্মাননাপত্র দেওয়া হয়েছে। এছাড়া কয়েকজন সদস্যকে বিশেষ ব্যাজও দেওয়া হয়েছে।