‘ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেন নাই, এমন প্রশ্ন করবেন না’ 

জাতীয় সংসদের কার্যপ্রনালী বিধির ৭১ ধারায় নোটিশ উত্থাপন এবং মন্ত্রীর জবাবের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম হাস্যরসের ছলে সরকারদলীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বলেন, “আপনি মন্ত্রীকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন করতে পারেন। এমন প্রশ্ন করবেন না যে— ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেন নাই?” 

বুধবার (১০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিন কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপুর্ণ নোটিশ উত্থাপন এবং মন্ত্রীর জবাবের পর স্পিকার এই কথা বলেন সরকারদলীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে। এসময় সংসদ সদস্যদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।     

জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয় সম্পর্কে ৭১ বিধিতে মনোযোগ আকর্ষণ নোটিশের এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “বাংলাদেশের মধ্যে নাটোর জেলা একটি গুরুত্বপূর্ণ শহর। নাটোর জেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠানের কল-কারখানা রয়েছে, যেমন নাটোর সুগার মিল, মিল্ক ভিটা, মেঘনা গ্রুপ, প্রাণ আরএফএল গ্রুপ ও কৃষাণ গ্রুপসহ অন্যান্য গ্রুপ। ওই কারখানাগুলোতে নাটোর জেলাসহ সারা বাংলাদেশের অনেক লোকের কর্মসংস্থান রয়েছে। এছাড়া আরও অনেক ছোট বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এসব কারখানায় গ্যাস সংযোগ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং অনেক লোক কর্মসংস্থান হারাচ্ছে। নাটোর শহর বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি পুরাতন শহর কিন্তু উক্ত শহরের বাসা-বাড়িতে এখন পর্যন্ত গ্যাস সংযোগ দেওয়া হয়নি। নাটোর জেলায় সরকারি ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন কল-কারখানাগুলোসহ বাসা-বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া প্রয়োজন।” 

এই নোটিশের জবাব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মন্ত্রীর জবাবের পর স্পিকার রুহুল কুদদুস তালুকদার দুলুকে বলেন, “আপনি মন্ত্রীকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন করতে পারেন। এমন প্রশ্ন করবেন না যে— ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেন নাই?”