ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক

ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে সরকার। করদাতার সংখ্যা বৃদ্ধি এবং করজাল সম্প্রসারণের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব ঘোষণা করেন।

প্রস্তাব অনুযায়ী, নতুন করে কোনও ব্যক্তি ব্যাংক হিসাব খুলতে চাইলে তাকে টিআইএন সনদ দাখিল করতে হবে। এর ফলে ব্যাংকিং খাতের মাধ্যমে করদাতাদের তথ্যভান্ডার আরও সমৃদ্ধ হবে এবং কর প্রশাসনের আওতা বাড়বে বলে মনে করছে সরকার।

তবে কিছু ক্ষেত্রে এ বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ব্যাংক হিসাব, নো-ফ্রিলস অ্যাকাউন্ট (১০ টাকার হিসাব), সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা গ্রহণের হিসাব এবং পেনশনভোগীদের ব্যাংক হিসাবের ক্ষেত্রে টিআইএন সনদ প্রদর্শনের প্রয়োজন হবে না।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে ১৭ কোটির বেশি ব্যাংক হিসাব রয়েছে। নতুন বিধান কার্যকর হলে ভবিষ্যতে ব্যাংক হিসাব খুলতে আগ্রহী ব্যক্তিদের আগে টিআইএন নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি এবং করজাল সম্প্রসারণে দীর্ঘদিন ধরেই ব্যাংকিং তথ্য ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন এই উদ্যোগের ফলে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত বিপুল সংখ্যক মানুষের করসংক্রান্ত তথ্য সরকারের কাছে সহজলভ্য হবে এবং কর ফাঁকি রোধেও ইতিবাচক ভূমিকা রাখবে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ঘোষিত এই পদক্ষেপকে কর প্রশাসনের ডিজিটাল রূপান্তর ও রাজস্ব আহরণ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।