দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়লো ১২৮০ কোটি

আগামী ২০২৬-২৭ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য ১০ হাজার ৩৪৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ৯ হাজার ৬৯ কোটি টাকা। এই হিসেবে এই খাতে বরাদ্দ বেড়েছে।   
 
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী এই প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনের লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
 
অর্থমন্ত্রী জানান, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় প্রায় ২০ লাখ গ্রামীণ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে, যার এক-তৃতীয়াংশ নারী। 
 
তিনি বলেন, চলতি অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কাজের বিনিময়ে টাকা (কাবিটা) খাতে ১ হাজার ৫১০ কোটি টাকা এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) খাতে ১ হাজার ৪৫৪ কোটির বেশি টাকা বরাদ্দ দিয়ে গ্রামীণ অবকাঠামো সচল রাখা হয়েছে। 
 
বাজেট বক্তব্যে আরও জানানো হয়, ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবিলায় ৫২১ কোটি টাকা ব্যয়ে আধুনিক উদ্ধার সরঞ্জাম ও ১১টি এরিয়াল প্ল্যাটফর্ম ল্যাডার ক্রয় করা হয়েছে।
এ ছাড়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) জন্য ১০০ ভাগ বেতার যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।