৫ হাজার এমবিবিএস চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে নানা প্রতিশ্রুতির কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্যে রয়েছে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে তিনি এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিনের শূন্যপদ পূরণের লক্ষ্যে অবিলম্বে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ বাড়ানো হচ্ছে। নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ে শিক্ষার সুযোগও সম্প্রসারণ করা হবে।

তিনি জানান, দেশব্যাপী মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে, যার ৮০ শতাংশ নারী হবেন।

অর্থমন্ত্রী আরও বলেন, স্থানীয় ও বৈদেশিক চাহিদা পূরণের লক্ষ্যে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য চার মাস মেয়াদি ‘জেনারেল কেয়ারগিভার’ প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ও মেডিক্যাল ডিভাইস শিল্পকে অগ্রাধিকারপ্রাপ্ত শিল্প খাত হিসেবে গড়ে তোলার উদ্যোগও নিয়েছে সরকার।

তিনি বলেন, সীমিত আয়ের মানুষের চিকিৎসা ব্যয়ের চাপ কমানো, মানসম্মত ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করা এবং সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে।

২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা জিডিপির ১ দশমিক ১ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা, যা জিডিপির শূন্য দশমিক ৫৮ শতাংশ।