রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চায় বাংলাদেশ

তুরস্কের রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট ড. ফাতমা মেরিক ইলমাজের সঙ্গে বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আলোচনায় রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চায় বাংলাদেশ।

সোমবার (২২ জুন) সকালে প্রতিমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বাংলাদেশ সফর এবং সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থায় সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ওপর জোর দেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ২০১৭ সাল থেকে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখেরও বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। এটি বাংলাদেশের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন এবং এ ক্ষেত্রে তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আন্তরিক সমর্থন কামনা করেন।

মিয়ানমার থেকে আসা বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের অসাধারণ উদারতা এবং বছরের পর বছর ধরে বাংলাদেশের অব্যাহত মানবিক সহায়তার ভূয়সী প্রশংসা করে তুর্কি রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট রোহিঙ্গাদের প্রতি খাদ্য সহায়তা, শিক্ষা, প্রাথমিক ও জরুরি চিকিৎসা, স্যানিটেশন এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণে তুরস্কের মানবিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সফররত তুরস্কের রেড ক্রিসেন্ট প্রতিনিধি দল এবং রোহিঙ্গাদের জন্য তুরস্কের উল্লেখযোগ্য মানবিক সহায়তার ভূয়সী প্রশংসা করেন।