রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আইসিজের রায়, স্বাগত জানালো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৬, ০২:৩৭ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৭

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে রায়টি দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে মিয়ানমার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণহত্যার অপরাধ প্রতিরোধ ও শাস্তি প্রদানবিষয়ক কনভেনশনের প্রয়োগসংক্রান্ত মামলায় (গাম্বিয়া বনাম মিয়ানমার) আইসিজে এই রায় দিয়েছেন। আদালতের ইতিহাসে এই প্রথম কোনও রাষ্ট্রকে গণহত্যার অপরাধ সংঘটনের জন্য দায়ী করা হলো।

রায়ে আদালত নির্ধারণ করেছেন, ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে মিয়ানমার। একই সঙ্গে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি প্রদানে কনভেনশনের আওতায় দেশটির বাধ্যবাধকতা লঙ্ঘনের বিষয়টিও তুলে ধরেছেন আদালত। এর মধ্যে রয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে সংঘটিত গণহত্যা প্রতিরোধে ব্যর্থতা, গণহত্যা ও কনভেনশনে উল্লেখ করা অন্যান্য অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিত না করা এবং কনভেনশনের বিধান কার্যকর করতে প্রয়োজনীয় আইন প্রণয়ন না করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কনভেনশন লঙ্ঘনের দায়ে আদালত মিয়ানমারকে কয়েকটি নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে রয়েছে, কনভেনশনের বাধ্যবাধকতা পূরণে প্রয়োজনীয় আইন প্রণয়ন করে চলমান লঙ্ঘন বন্ধ করা, গণহত্যাসহ কনভেনশনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে ও কার্যকর তদন্ত করা এবং তাঁদের বিচার ও শাস্তি নিশ্চিত করা।

এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া, মিয়ানমারের বেআইনি কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করা, পরিবারের সদস্যদের পুনর্মিলনের ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশ বলেছে, এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করার দীর্ঘ প্রতীক্ষিত একটি মাইলফলক। মামলার পক্ষ হিসেবে মিয়ানমার আদালতের চূড়ান্ত রায় মেনে চলতে এবং নির্দেশনাগুলো বাস্তবায়নে আইনগতভাবে বাধ্য।

দীর্ঘ সাত বছর ধরে মামলাটি পরিচালনার জন্য গাম্বিয়া সরকারকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ। এ ক্ষেত্রে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনের কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, বেলজিয়াম ও আয়ারল্যান্ডের হস্তক্ষেপের বিষয়টিও স্বীকার করেছে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে মিয়ানমার সরকারকে রায়ের নির্দেশনা দ্রুত, পূর্ণাঙ্গ ও কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ঐতিহাসিক এই রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ আবারও বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র কার্যকর সমাধান হলো মিয়ানমারে তাদের নিজ নিজ আবাসস্থলে প্রত্যাবাসন। বাংলাদেশের বিশ্বাস, এই রায় রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকার। প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত রাখা এবং আরও বাড়ানোর আহ্বানও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

/ইউএস/
সম্পর্কিত
সাতক্ষীরার সাবেক এমপি দোলন ঢাকায় গ্রেফতার
মিরপুরে যুবকের ছুরিকাঘাতে আহত পোশাককর্মীর অবস্থা অপরিবর্তিত
রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায় বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ?
সর্বশেষ খবর
সাতক্ষীরার সাবেক এমপি দোলন ঢাকায় গ্রেফতার
সাতক্ষীরার সাবেক এমপি দোলন ঢাকায় গ্রেফতার
নিখোঁজ হননি, সেই বিচারক জানালেন ‘একা ঘুরতে এসেছি’
নিখোঁজ হননি, সেই বিচারক জানালেন ‘একা ঘুরতে এসেছি’
রোহিঙ্গাদের কষ্টের রাতের অবসান হোক: জামায়াত আমির
রোহিঙ্গাদের কষ্টের রাতের অবসান হোক: জামায়াত আমির
গোপালগঞ্জে হাসপাতালে আগুন: আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
গোপালগঞ্জে হাসপাতালে আগুন: আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক