বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনি এলাকার জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা জানান।
সংসদের সকালের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রবিবার (২৮ জুন) অধিবেশনের শেষ দিকে মির্জা ফখরুল একটি বিবৃতি দিতে চেয়েছিলেন। তবে পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ না পেয়ে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করলে তিনি বলেন, সোমবার (২৯ জুন) বিবৃতিটি দেবেন।
আজ সেই বিবৃতিতে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘‘সংসদের অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে, সিটি করপোরেশন বাদ দিয়ে, প্রায় ২০ কোটি টাকা মঞ্জুর করেছেন।”
তিনি বলেন, ‘‘মসজিদ, গোরস্তান, ঈদগাঁহর জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে।’’
বিরোধী দলের পক্ষ থেকে এ সময় কিছু বলা হলে মির্জা ফখরুল বলেন, ‘‘এটা জেলা পরিষদের পক্ষ থেকে। সিটি করপোরেশনগুলোতে পরবর্তীকালে দেওয়া হবে।’’