ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর 

জাতীয় সংসদে ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৮তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই প্রস্তাব দেন। 

প্রধানমন্ত্রী বলেন, “ব্যক্তি করদাতাদের কিছুটা স্বস্তি দিতে প্রস্তাবিত বাজেটে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে ৪ লাখ টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে ৪ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। 

“তবে এই সীমা আরও বাড়ানোর সুপারিশ করে প্রধানমন্ত্রী বলেন, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে ৫ লাখ টাকা করা উচিত।” 

করের আওতা সম্প্রসারণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “বাজেটে ছাত্রসহ কয়েকটি ক্ষেত্র ছাড়া ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। একই ভাবে বণ্টননামা দলিল নিবন্ধন এবং সম্পত্তির মিউটেশনের ক্ষেত্রেও টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। কিন্তু এসব বিধান নিয়েও জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে।” তাই তিনি এসব প্রস্তাবও প্রত্যাহারের আহ্বান জানান।